নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
সারাদেশে বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
মুক্তমঞ্চে ঘন্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ বলেন, বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বিশেষ করে শিক্ষাখাতে সেশনজট দুর হয়েছে, শিক্ষার্থীরা সময় মতো তাদের শিক্ষা জীবন শেষ করে চাকরিতে যোগদান করছে। কিন্তু গত এক মাস ধরে বিএনপি-জামাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধ্বংসের পায়তারা করছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সবচাইতে প্রিয় সংগঠন। ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় কাজ করে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচী অংশ হিসেবে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ সাধারণ শিক্ষার্থীরা বয়কট করেছে।





















