নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
প্রথমে যাত্রী বেশে মাইক্রোবাস ছিনতাই, এরপর মহাসড়কের যাত্রী উঠিয়ে হাত-পা বেঁধে সর্বস্ব লুটে নেয় তারা। চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে ৩ জনকে।
আটকৃতরা হলেন, টাঙ্গাইল কালিহাতি পাতালিয়া দেওতলা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোঃ মফিজুল ওরফে মফিজ (৩০), ঘরিয়া এলাকার মৃত আজীম উদ্দিনের ছেলে মোহাম্মদ আল মামুন ওরফে সাগর(৩০), দেবিতলা এলাকার আবুল কালামের ছেলে মোঃ ফরমান(২৫), কলেজ গেট এলাকার লাল মিয়ার ছেলে মোহাম্মদ আমিনুল(২৮)।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ গেইটের সামনে হতে টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার কথা বলে ৬ হাজার টাকায় একটি মাইক্রোবাস ভাড়া করে। ১ কিলোমিটার দূরে যাওয়ার পরেই চক্রটি দেশীয় অস্ত্র-সস্ত্রে ভয় দেখিয়ে গাড়ীটি থামিয়ে চালক মোঃ আল আমিন এবং হেলপাড় মোঃ বুলবুল কে হাত, পা, মুখ বেধে পিছনের সিটে নিচে ফেলে রাখে। এরপর বিভিন্ন স্থান থেকে যাত্রীদের অপহরণ করে গাড়ীতে উঠিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে রাস্তায় ফেলে দেয়। ভোর ৪ টার দিকে টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা এলাকা থেকে মোঃ রফিক (৩৮) কে অপহরণ করে নগদ ৩৫ হাজার টাকা, একটি মোবাইলফোন ছিনিয়ে নেয়।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর পাটগুদাম ব্রীজ এলাকায় আসলে রফিক পুলিশকে দেখে চিৎকার করলে চক্রটির বাকিরা পালিয়ে গেলেও, পুলিশ মাইক্রোবাসসহ মফিজকে আটক করে। এসময় সিটের পিছনে হাত-পা বাঁধা অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসের চালক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানার মামলা করেন।






















