কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর-খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জনি শেখ লোহাগড়া উপজেলার কোলা গ্রামের মোঃ মিজানুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১০টার দিকে নিহত জনি শেখ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লোহাগড়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজুপুর-খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলসহ ওই যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রস্তুতির এক পর্যায়ে এর সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৃষ্ণপদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। পলাতক ঘাতক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। এছাড়া যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন থানার ওই কর্মকর্তা।





















