।।নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. পারভেজ বেপারী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ গ্রেপ্তার যুবককে আদালতে সোপর্দ করেছে।
এর আগে শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার উড়াদিঘী এলাকা থেকে তাকে মদসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার যৌতা গ্রামের মৃত চান মিয়া বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে কলমাকান্দা- ঠাকুরাকোনা সড়কের বারহাট্টা উপজেলার উড়াদিঘী এলাকায় রাতে একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে পারভেজের অধীনে থাকা দুটি সুটকেসে ৩৫ বোতল মদ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ সীমান্ত থেকে বাসে করে এসব মদ নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, পারভেজ একজন মাদক কারবারি। সীমান্ত থেকে মাদক নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





















