।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব।
রবিবার ভোরে গাজীপুরের টঙ্গী থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।
র্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন গণমাধ্যমকে জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকাবস্থায় তাকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে নেতাকর্মীদের গ্রেফতারের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার বিএনপিকে ভাঙার তৎপরতায় নেমেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। দুজন ভাইস চেয়ারম্যানসহ একাধিক নেতা হাইকমান্ডকে জানিয়েছেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে।






















