।।নিজস্ব প্রতিবেদক।।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত প্রেস লেখা জ্যাকেট পরেও অপকর্ম করছে, যেন সাংবাদিকদের ওপর সবার নেতিবাচক মনোভাব তৈরি হয়। সাংবাদিকদের উচিত এ ব্যাপারে একটি যৌথ চিঠি রাজনৈতিক দলগুলোকে দেয়া এবং সেই চিঠি পত্রিকায় প্রকাশ করা।
আজ বুধবার (০১ নভেম্বর) সচিবালয়ে পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে এসব বলেন তিনি।
হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবরের মতো ঘটনার পর্যাপ্ত ডকুমেন্টেশন থাকতে হবে। বেশি বেশি সংবাদ প্রকাশ করতে হবে। এই ঘটনায় গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা দরকার।
ঘটনার সমালোচনা করে তিনি বলেন, সেদিন মূলত রাষ্ট্রের ওপর হামলা করা হয়েছে। এর পরপরই হরতাল ও অবরোধেও যা করছে বিএনপি-জামায়াত, সেগুলো নিছক রাজনৈতিক কর্মকাণ্ড নয় বরং সন্ত্রাস।
তিনি আরও বলেন, হামলার শিকার সংশ্লিষ্ট সাংবাদিকদের কর্মরত প্রতিষ্ঠানগুলোর মামলা করা উচিত। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। সাংবাদিক সংগঠনগুলোকে আরও সোচ্চার হতে হবে।





















