হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দুর্নীতি-লুটপাট-অর্থপাচার বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শহরের জনতার ব্যাংকের মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলা হয়।
বাম গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি আজাদ আবুল কালাম, ফরিদপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য কাজী রুহুল আমিন প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা- আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবি জানান। এসময় তারা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার যথাযথ ভূমিকা পালনের দাবি জানান। একই সাথে নিয়মিত বাজার মনিটরিং করার দাবির সাথে সাথে দেশের দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও লুটপাটকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
এছাড়াও তারা আন্দোলনের নামে বিরোধী দলের নাশকতামূলক কর্মকান্ডের নিন্দা জ্ঞাপন করেন।






















