নজরুল ইসলাম দয়া
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দুইদলের কোনো নেতাকর্মী রাজপথে আসেনি। দিনভর হরতাল বিরোধী বিক্ষোভ ও মহাসড়কে দফায় দফায় মহড়া দিয়েছে আওয়ামী লীগ। দিনশেষে তারা শান্তি সমাবেশও করেছে।
রোববার (২৯ অক্টোবর) এ উপজেলায় হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সাধারণ মানুষ প্রতিদিনের মতোই ঘর থেকে বের হয়ে কর্মস্থলে গেছেন এবং বাড়িতে ফিরেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাভাবিক ভাবেই খোলা ছিল দোকানপাট। সড়কে সীমিত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডসহ মহাসড়কে অবস্থান নেয়। সকাল থেকেই বন্ধ ছিল বিএনপির দলীয় কার্যালয়। হরতাল ডাকা দুই দলের নেতাকর্মীরা দিনের শেষ বেলাতেও রাজপথে আসেনি। তবে সন্ধ্যাপূর্বে হরতাল বিরোধী শান্তি সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।
বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে এ সমাবেশে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল মিঞা, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন প্রমুখ।
এদিন সকাল থেকেই পৌর সদরের বাসস্ট্যান্ডসহ বগুড়া-নাটোর মহাসড়কের তিনটি বাসস্ট্যান্ড রনবাঘা, ওমরপুর, কুন্দারহাটসহ উপজেলার সবগুলো বাজারে দোকানপাট খোলা এবং যানবাহন চলাচল সচল ছিল। সিএনজি ও ভ্যান-রিকশা চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হননি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।






















