উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
ঢাকায় বিএনপি-জামায়াত সমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ লাইন্সে ভাংচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।
রবিবার (২৯ অক্টোবর) দুপুর সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা থেকে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি স্থাপনা, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি।
তারা গণপরিবহন, অডিট ভবন, পুলিশ বক্স, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। এগুলো করেও তারা ক্ষান্ত না হয়ে এক পুলিশ সদস্যকেও হত্যা করেছে। বক্তারা বিএনপি-জামায়াতের অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কায়সার আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাস ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুর রউফ পান্না বক্তব্য রাখেন।






















