নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলার কোথাও হরতালের পক্ষে কোনো মিছিল, পিকেটিং বা সভা-সমাবেশের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই হরতালে তেমন কোব কোন প্রভাব পড়েনি জনজীবনে।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকালে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। সড়ক ও মহাসড়কজুড়ে স্বাভাবিক ছিলো রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল। অধিকাংশ দূরপাল্লার ও অভ্যন্তরিন রুটে যানবাহন চলাচল করছে। দীর্ঘ সময় পর পর নগরীর মাসকান্দা এবং পাটগুদাম বাসটার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছেড়ে যেতে দেখা যায়। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম ছিল।
ঢাকাগামী কয়েকজন যাত্রী জানিয়েছেন, দীর্ঘ পর হরতাল চলছে। যানবাহন কম থাকায় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, সেই সাথে সময় ব্যয় হচ্ছে অনেক। শুক্রবার এবং শনিবার গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে পারেননি অনেকে। তাই জীবিকার তাগিদে বাধ্য হয়ে হরতালে যেতে হচ্ছে কর্মস্থলে।
তবে হরতালের বিরুদ্ধে মহানগরীতে মোটরসাইকেল মিছিল বের করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন সড়কে শোডাউন করতে দেখা যায় তাদের। এছাড়াও শান্তি সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এদিকে হরতালে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। জেলা জুড়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশের টহল দিতে দেখা যায়।






















