।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
২০২০ সালের নির্বাচনের পরাজয় পাল্টে দেয়ার ষড়যন্ত্রে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারমধ্যে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ রয়েছে। এর মধ্য দিয়ে ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনাপ্রবাহ ঘিরে তদন্ত শেষ হয়েছে।
২০২৪ সালের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ৭৭ বছরের ট্রাম্প কোনও অন্যায়ের কথা অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মামলাকে তিনি হাস্যকর আখ্যা দিয়েছেন। এর আগে আরও দুইটি মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। এর মধ্যে গোপন নথির অব্যবস্থাপনা এবং পর্ন তারকাকে অর্থ দেয়া লুকাতে ভুয়া ব্যবসায়িক নথি তৈরির মামলা রয়েছে।
নির্বাচনি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন মার্কিন বিচার বিভাগের নিয়োগ করা বিশেষ কাউনসেল জ্যাক স্মিথ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি আমাদের রাজধানীতে হামলা ছিল আমেরিকার গণতন্ত্রের আসনের ওপর নজিরবিহীন হামলা। এই হামলার জ্বালানি ছিল মিথ্যা বলা।
বৃহস্পতিবার এই মামলায় ওয়াশিংটনের আদালতে হাজির হবেন ডোনাল্ড ট্রাম্প। ৪৫ পাতার অভিযোগপত্রে আরও ছয় অজ্ঞাত ষড়যন্ত্রকারীর কথা বলা হয়েছে। এর মধ্যে চারজন আইনজীবী, বিচার বিভাগের এক কর্মকর্তা এবং একজন রাজনৈতিক পরামর্শক।





















