রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছেন ২ জন।
বুধবার (২৫ অক্টোবর) সকালে দিনাজপুর সিভিল সার্জন ডা. এ,এইচ,এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবগত রাত ৩ টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রবিউল ইসলাম (৩৭) নামে একজন মারা যান। রবিউল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুবলাগাছী গ্রামের মজির উদ্দিনের ছেলে। ঢাকা ফেরত রবিউল গত ২২ অক্টোবর রাত ১০ টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ নিয়ে দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হলো।
তিনি আরো জানান, জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। এর মধ্যে ৭৮৫ জন সুস্থ বাড়ী ফিরেছেন। বর্তমানে ১৭ জন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।





















