জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শাহ আলম (৩৩) নামের এক ভুয়া প্রতারক জিনের বাদশাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। আটক প্রতারক একই উপজেলার রতিরাম পাঠান পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাজারহাট উপজেলার এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি চৌকস টিম চাকিরপশার ইউনিয়নের নাককাটি বাজারের পাশ থেকে একটি স্বর্ণের সাদৃশ্য পুতুলসহ তাকে আটক করে। কথিত প্রতারত জ্বীনের বাদশা নানাকন্ঠে নানাভাবে অসংখ্য নারীকে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্ণলংকার ও টাকা হাতিয়ে নিতেন।
কিছু দিন আগে মোছাঃ নাজমা বেগম (৪০) কে মহান আল্লাহ তালার গুপ্তধন দেওয়ার কথা বলে ১৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। পরে গতকালও ওই নারীর কাছে টাকা নিতে আসলে বিষয়টি টের পেলে ভুক্তভোগী নারীর প্রতিবেশী লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ কলের মাধ্যমে রাজারহাট থানা পুলিশকে বিষয়টি অবগত করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে জ্বীনের বাদশা হিসেবে পরিচয় দিতেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় গুপ্তধনের লোভ দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো। আমরা ইতিপূর্বেও এই ধরনের প্রতারককে আইনের আওতায় এনেছি। এই সব বিষয়ে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের আরও সতর্ক হওয়ার এবং এই ধরনের ঘটনা ঘটলে জেলা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।






















