হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুসন্তানের সামনে কুমার নদের পানিতে ডুবে মনির হাওলাদার (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহাম্মেদ মনির হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে কুমার নদে এ ঘটনা ঘটে।
মনির হাওলাদার উপজেলার চন্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের সানো হাওলাদারের ছেলে। মৃত মনির ঘারুয়া গ্রামের স্বপন শিকদারের মেয়ের জামাই। তার সাত বছরের ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।
জানা গেছে, নিহত মনির শুক্রবার দুপুরের দিকে শিশুপুত্রকে নিয়ে নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নেমে তিনি পানিতে পড়ে যান। এরপর আর উঠতে পারেননি তিনি। এক পর্যায়ে তার ছেলে ভয়ে দৌঁড়ে বাড়িতে এসে খবর দেয় যে, তার বাবা পানিতে পড়ে গেছে। শ্বশুরবাড়ির লোকজন উদ্ধারের জন্য দৌঁড়ে গিয়ে নদীর ঘাটে তল্লাশি করে তাৎক্ষণিক মনিরকে পায়নি। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘাট থেকে প্রায় দেড়শো গজ দূরে ঘারুয়া ব্রিজের নিচে জঙ্গলের ভেতর থেকে মনিরের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান শেখ বলেন, ছোট ছেলেকে নিয়ে নদীতে গোসলে নেমে তিনি পানিতে পড়ে ডুবে যান। খোঁজাখুঁজির কয়েক ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহাম্মেদ বলেন, একটি হৃদয় বিদারক ঘটনা। ছোট ছেলের সামনে পানিতে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে কয়েক ঘন্টা পরে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করে।






















