আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ০৭:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@০৭:৪১ অপরাহ্ণ
দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭ বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ্ব-১৭ বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এতে জেলার ১টি পৌরসভা ও ১৩টি উপজেলাসহ মোট ১৪টি দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বুধবার (১১ অক্টোবর) বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূর এ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। স্বাধীন দেশের মাটিতে আমরা স্বাধীন ভাবে খেলাধুলা করার সুযোগ পেয়েছি। তাই লেখাপড়ার পাশাপাশি নিজেকে নিয়মিত খেলাধুলার মধ্যে রাখতে হবে। বর্তমান মাদকের ভয়াল থাবার হাত থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। লেখাপড়ার পাশপাশি খেলাধুলায় নিজের ক্রীড়া নৈপূন্য দেখিয়ে এই জেলা পর্যায় থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় নিজেকে নিয়ে যেতে হবে। আর তোমাদের স্বপ্ন পুরণ হলেই বাংলাদেশ এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ, আশরাফুল আলম রমজান, জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামানসহ অংশগ্রহনকারী দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ‘ক’ এবং ‘খ’ গ্রুপে ১৪টি দল অংশ নিয়েছে। দল গুলো হচ্ছে- ‘ক’ গ্রুপে বিরামপুর, বীরগঞ্জ, সদর, হাকিমপুর, চিরিরবন্দর, খানসামা ও ঘোড়াঘাট উপজেলা। ‘খ’ গ্রুপে পৌরসভা, বোচাগঞ্জ, বিরল, কাহারোল, নবাবগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা।

উদ্বোধনী খেলায় অংশ নেন ধুসর রঙের জার্সি পরিহিত বিরামপুর উপজেলা বালক এবং বালিকা দল বনাম আকাশি রঙের জার্সি পরিহিত বীরগঞ্জ উপজেলার বালক এবং বালিকা দল। খেলায় ৩-০ গোলে বিরামপুর উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয় বীরগঞ্জ বালিকা দল। আর বালকদের মধ্যে নির্ধারিত সময়ের খেলাটি গোল শুন্য অবস্থায় শেষ হয়। পরে টাই-ব্রেকারে ৪-২ গোলে বীরগঞ্জ উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয় বিরামপুর বালক দল।

মেয়েদের খেলাটি পরিচালনা করেন রেফারি মোতাহার আলম, বিপ্লব তপ্ন ও বেলাল হোসেন। আর ছেলেদের খেলাটি পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান, সুজিত রায় ও ফয়জার রহমান। এছাড়া চতুর্থ রেফারি ছিলেন ডালিম কুমার রায়। ধারা বর্ণনায় ছিলেন উথরাইল গোয়ালহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রিয়াজুল ইসলাম।

আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সদর উপজেলা বনাম হাকিমপুর উপজেলার বালক এবং বালিকা দল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ