জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) উদ্যোগে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পপি কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সোহাগ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হোসেন আলী, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাফি উদ্দীন, নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিনশত শিক্ষার্থী অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, সংগীত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।






















