।।হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে যৌতুকের দাবীতে মারপিট ও গ্যাসের ট্যাবলেট খাওয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে। এঘটনায় নিহতের শাশুড়ী ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১১ অক্টোবর) সকালে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাল্লাপাড়া গ্রামের শাহাদত হোসেনের ১৪ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার সাথী।
গ্রেফতারকৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে লাইম মিয়া ওরফে নাহিদ (২০) এবং শাশুড়ি লাকি বেগম (৪০)।
মামলায় বলা হয়, ৩/৪ মাস আগে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে সাথীকে বিয়ে করে নাহিদ। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজনরা প্রায় নির্যাতন করতো সাথীকে। মঙ্গলবার দিনের বেলা যৌতুকের দাবিতে সাথীকে মারপিট করার পর রাত তার স্বামী সাথীকে ঘুম থেকে জাগিয়ে মুখে বিষ জাতীয় গ্যাস ট্যাবলট ঢুকিয়ে দেয়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নুর আজমির ঝিলিক বলেন,অচেতন অবস্থায় রোগীর পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরে তার অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করলে রাস্তায় তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন,সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিহতের প্রকৃত কারন জানা যাবে। আপাতত নিহতের স্বামী ও শাশুড়ীকে গ্রেফতার করা হয়েছে।






















