নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা জুলেখা হত্যা মামলার অন্যতম মুলহোতাকে গ্রেফতার করেছে র্যাব ১৪। প্রতিবেশীদের সাথে জুলেখার দীর্ঘদিন যাবত জমিজমা‘সহ পারিবারিক বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১৪ এর উপ-পরিচালক (অপারেশন) মোঃ আনোয়ার হোসেন।
জুলেখা বেগম (৫৫) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রঘুরামপুর এলাকার মোঃ আব্দুল মজিদের স্ত্রী। গ্রেফতার সিরাজ আলী (২৮) একই গ্রামের শরাফ উদ্দিনের ছেলে। সোমবার রাত ১১ টার দিকে ফুলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বরাত দিয়ে র্যাব উপ-পরিচালক (অপারেশন) মোঃ আনোয়ার হোসেন জানান, বাদী ও আসামীরা পরস্পর প্রতিবেশি। বাদী এবং তার পরিবারের লোকজনদের সাথে আসামীদের দীর্ঘদিন যাবত জমিজমা‘সহ পারিবারিক বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিলো। গত রোববার বিকালে জুলেখার ছাগল প্রতিবেশী আব্দুল ওয়াহাব এর শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষ হামলা চালালে জুলেখাসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় জুলেখা বেগমকে স্থানীয় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।






















