মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
আজ সোমবার (৯ অক্টোবর) সকাল এগারোটার দিকে মেহেরপুর কলেজ মোড় থেকে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে একটি মিছিল বের হয়। মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্ব মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁথুলি বাস স্ট্যান্ড পৌর কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন,শারীরিক অবস্থা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগের দাবি জানান বক্তারা।





















