।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। এছাড়া ইসরায়েলকে বাড়তি সরঞ্জাম এবং গোলাবারুদ দেয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা। দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে হামাসের হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে নজিরবিহীন এবং ভয়ঙ্কর হামলা আখ্যা দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, ইসরায়েলে নিহত এবং অপহৃতদের মধ্যে মার্কিন নাগরিক থাকার খবর যাচাই করে দেখা হচ্ছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় সাতশর বেশি নিহত এবং শতাধিক মানুষকে বন্দি করা হয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী যুদ্ধজাহাজ, একটি মিসাইল ক্রুজার এবং চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ওই অঞ্চলের পথে রওনা হয়ে গেছে। মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে।
হোয়াইট হাউজ জানিয়েছে, সামনের দিনে আরও সামরিক সহায়তা পাঠানো হবে। এছাড়া ইসরায়েলের শত্রুরা যাতে পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা না করে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা পাঠায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলই এককভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সহায়তা গ্রহণকারী দেশ।






















