।।মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সসন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গজারিয়া ফেরিঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারে থাকা ১৩ জনের ৭ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ৬ জন। এদের মধ্যে উপজেলার ইমামপুরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের একই পরিবারের ৩ জন রয়েছে বলে জানা গেছে।
নিখোঁজরা হলেন, সুমনা আক্তার (২৫) ও তার দুই মেয়ে জান্নাতুল মাওয়া (১০) ও সাফা(০৪ ), মারোয়া(৮),ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন(৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গজারিয়া উপজেলার ফুলদি এলাকা থেকে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে ঘুড়তে বের হয় তারা। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গজারিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাল্কাহেডের ধাকায় ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় ট্রলার থেকে ৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে ৬ জন।
এ ঘটনায় জীবিত উদ্ধার হয়, সিপা মনি(৬), মফিজ (৪০), রিয়াদ হোসেন(২১), টিনা(১২) তাহিয়া(১০) আকলিমা(৪২) ও ট্রলার চালক রফিকুল ইসলাম(৪০)।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান জানান, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সীমানায়। যেহেতু নারায়নগঞ্জের ঘটনা সেহেতু সেখান থেকে উদ্ধারকাজে যোগ দিতে দেরি হবে। তাই আমরা উদ্ধারে এসেছি। আমাদের একটি টিম নদীতে কাজ করছে।
এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে চার পাঁচজন নিখোঁজ থাকতে পারে বলে জানান তিনি।





















