আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী প্রশান্ত রায় (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোশাররফ হোসেন (২২) নামে আরেক আরোহী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত পৌনে নয়টায় সদর উপজেলার পলাশবাড়ী এলাকার অচিনতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত রায় টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের মৃত: চন্দন রায়ের ছেলে এবং আহত মোশাররফ হোসেন রামগঞ্জ এলাকার কাইউমের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশান্ত রায় ও মোশাররফ হোসেন মোটরসাইকেল ঠিক করার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের একটি বাজারে যাচ্ছিলেন। পথি মধ্যে অচিনতলা নামক স্থানে রাস্তায় দাড়িয়ে থাকা একটি পিকআপের সাথে ধাক্কা লেগে পড়ে যায় তারা। এ সময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় প্রশান্ত রায়। পরে আহত মোশাররফকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা দু’জনে নির্মাণ শ্রমিক ছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।






















