হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর জেলায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সারাদিন ব্যাপী একটানা মুষলধারে অবিরাম ভারী বৃষ্টিপাত হয়েছে। যা এখনও চলমান রয়েছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
দিনব্যাপী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভ্যান-রিকশাচালক, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। সকাল থেকেই জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন স্থানে জরুরি কোন কাজ ছাড়া বাসার বাহিরে বা রাস্তায় বের হয়নি সাধারণ মানুষ।
এ ব্যাপারে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় রিকশা নিয়ে অলস সময় পার করা রিকশা চালক খবির শেখ বলেন, আজ সকাল থেকেই একটানা বৃষ্টি। এক মিনিটের জন্য বৃষ্টি থামতে দেখিনি। অন্যদিন বৃষ্টি হলেও শহরে মানুষের আনাগোনা থাকে। বৃষ্টির মধ্যেও মাথায় পলিথিন দিয়ে রিকশা চালিয়ে ভালোই ইনকাম হয়। কিন্তুু আজকে এতো বৃষ্টির মধ্যে মানুষ বাসা-বাড়ি থেকে তেমন একটা বের হয়নি। এক কথায় রিকশার যাত্রী কম। তাই ইনকামও কম হয়েছে।
সালথা উপজেলার দিনমজুর আকুব্বর হোসেন বলেন, সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝড়ছেই। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। দিন আনি দিন খাই। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে আজ কি খাবো সেটাই ভাবছি। আজকের বৃষ্টি এ বছরের সবচেয়ে সেরা বৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শহরের চকবাজার জামে মসজিদের উল্টো দিকে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক মোহাম্মদ দাউদ আকন্দ বলেন, আজকে মনে হয় এ বছরের সবচেয়ে সেরা বৃষ্টি। একটি মুহুর্তের জন্যও বৃষ্টি থামেনি। অন্যদিনের তুলনায় হোটেলে বেচা বিক্রি একেবারেই কম। সারা দিনের খরচই উঠবেনা।
এ বিষয়ে ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার ভোর থেকেই ফরিদপুরে অবিরাম বৃষ্টি হয়েছে। সর্বশেষ বিকাল পাঁচটা পর্যন্ত ১২৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আগামী আরও ৩ থেকে ৪ দিন ধরে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা বছরের মধ্যে আজকের বৃষ্টি পাতের হার সর্বোচ্চ।






















