হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুরের চাঞ্চল্যকর মান্নান বেপারী হত্যায় জড়িত অভিযোগে সোহেল মল্লিক (৩০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তার হওয়া সোহেল মল্লিক একই উপজেলার চর ডুবাইল গ্রামের দেলো মল্লিকের ছেলে।
বুধবার (০৪ অক্টোবর) বিকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তিতে মান্নানকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত সোহেল প্রাথমিকভাবে হত্যার ঘটনার সঙ্গে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গ, এ বছরের ২২ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরের সদরপুরের রাজারচর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি মারধর করে মান্নান বেপারীকে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে ১১ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।






















