।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি ব্যাকআপ প্লেন ও বাড়তি যন্ত্রাংশ ভারতের পথে রওনা দিয়েছে। জি২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে প্লেন নষ্ট হওয়ায় প্রতিনিধি দল নিয়ে ভারতে আটকা পড়েছেন ট্রুডো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ট্রুডো হয় ব্যাকআপ প্লেনে নয়তো মূল প্লেন মেরামতের পর তাতে করে দেশে রওনা দেবেন। তবে ওই প্লেনের ঠিক কোন যন্ত্রাংশ বদল করতে হবে সেবিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।
ট্রুডোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কানাডীয় প্রতিনিধি দলকে দেশে ফেরাতে সশস্ত্র বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। সবশেষ অগ্রগতিতে দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেলে ভারত ত্যাগ সম্ভব হতে পারে।
ট্রুডোর ভারত সফর প্রায়ই তিক্ততায় শেষ হয়। ২০১৮ সালে সবশেষ ভারত সফরের সময় এক কূটনৈতিক বিপর্যয় দেখা দেয়। কানাডার মাটিতে ভারতের এক রাজনীতিবিদকে হত্যায় দোষী সাব্যস্ত এক ব্যক্তি কানাডার অতিথির তালিকায় ঢুকে পড়ে। এনিয়ে দুই দেশের সম্পর্কে অবনতি হয়।
এবারের ভারত সফরের আগেও প্রকাশ্যে ট্রুডোর সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অভিযোগ কানাডা সরকার নিজ দেশে ভারত বিরোধী উগ্রবাদী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দিচ্ছে।






















