হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিনে মেলা শুরু হয় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা।
শহরের বিভিন্ন প্রান্তজুড়ে বসে শত শত দোকানপাটে গ্রামীণ লোকজ ঐতিহ্যের পসরা সাজিয়ে চলে বেচাকেনা। তিনশ বছরের বেশি সময় ধরে এ মেলা হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মেলা চলাকালীন সময়ে সিনেমা হল এবং স্টেডিয়ামের সার্কেস প্যান্ডেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে কয়েক বছর বন্ধ ছিল মেলাটি। দীর্ঘ ৯ বছর পর ২০১১ সাল থেকে সাতক্ষীরা পৌরসভা ও জেলা প্রসাশনের উদ্যোগে সীমিত পরিসরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফের চালু হয় মেলাটি।
এ বছর ২২ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। তবে মেলার মেয়াদ আরও ১০-১৫ দিন বাড়ানোর দাবী জানিয়েছেন মেলা কতৃপক্ষ।
মেলায় প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। মেলায় শাড়ি কাপড়, কসমেটিকস, শিশুদের জন্য খেলনা, গ্রামীণ লোকজ ঐতিহ্যের কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, বাশ, বেত, লোহার তৈরি দা-বঁটিসহ বিভিন্ন ধরনের মুখরোচক সুস্বাদু খাবার নিয়ে বসেছে ব্যাবসায়ীরা। বিভিন্ন জেলা থেকে প্রায় ৪ শতাধিক ব্যবসায়ীরা বেচাকেনার জন্য এসেছে এ মেলায়। এ মেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকে এ অঞ্চলের মানুষেরা।
প্রতিদিন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রঙ্গণ। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসছে অনেকে।
মেলায় দর্শনার্থীদের নিরাপত্তার নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ছাড়া মেলায় বিনোদনের জন্য রয়েছে ঘুরনি, ভাসমান নৌকা, ট্রেন, নাগরদোলা-হানি সুইং, ইলেকট্রনিক নৌকাসহ বিভিন্ন ধরনের রাইড।
বাচ্চাদের বিনোদনের জন্য এসব রাইডে চড়তে গেলে গুনতে অতিরিক্ত টাকা যা অযৌক্তিক বলে মনে করছেন অভিভাবকরা তাছাড়া ত্রেতাদের অভিযোগ মেলায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে নিম্নমানের জিনিসপত্র। ক্রয় না করেই খালি হাতে বাড়ি ফিরছে অনেকে।
তবে ব্যবসায়ীরা বলছে সব জিনিসপত্রের দাম বেশি হওয়ায় সীমিত লাভে বিক্রি করছে তারা। গুড় পুকুর মেলা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদার জানান, বৃষ্টির কারনে দোকানপাট ভালোভাবে বসাতে পারেনি এবং লোকজন মেলায় আসতে পারেনি ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি






















