রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।
আজ ভারতের জাতির জনক মোহন দাস করমচাঁদ গান্ধী’র জন্মদিন ‘গান্ধী জয়ন্তী’ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পানামা পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড ও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।
আজ সোমবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, আজ সোমবার ভারতে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে গান্ধী জয়ন্তী দিবস পালিত হবে। এ উপলক্ষে ভারতে জাতীয় সরকারি ছুটি পালিত হবে। সে মোতাবেক ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন আমদানি-রপ্তানী বন্ধ রাখার সীদ্ধান্ত নেন। তাই আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে আমদানি-রপ্তানি পুনরায় চালু হবে।
এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেড এর ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার শ্যারনাল জানান, আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক আছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাাবিক আছে।





















