।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ঈদে মিলাদুন্নবী উদযাপনে মিছিলের কাছে এক আত্মঘাতী হামলায় পাকিস্তানে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। বেলুচিস্তানের মাস্তুং জেলায় এই হতাহতের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এছাড়া একই দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আরেক হামলায় পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। হাঙ্গুর একটি থানা চত্বরে অবস্থিত মসজিদে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে দুই আত্মঘাতী।
বেলুচিস্তানের সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা ১৬টি মরদেহ পেয়েছে। এছাড়া স্থানীয় আরেকটি হাসপাতালে ৩২ মরদেহ নেয়া হয়েছে। আর বাকি পাঁচটি মরদেহ রয়েছে কোয়েটার সরকারি হাসপাতালে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য কোয়েটার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
মাস্তুং পুলিশ প্রধান আত্তা-উল-মুনিম জানান, আলআরাফা সড়কে মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলে যোগ দিতে জড়ো হওয়া মানুষের ওপর হামলা হয়। হামলাকারী েএক সিনিয়র পুলিশ কর্মকর্তার গাড়ির কাছে নিজেকে উড়িয়ে দেয়।
এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দোবা থানার মধ্যে অবস্থিত মসজিদে শুক্রবার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক সরকারের অন্তর্বতী তথ্যমন্ত্রী ফিরোজ জামাল জানান, দুই আত্মঘাতী হামলাকারী একটি গাড়ি নিয়ে মসজিদে পৌঁছাতে সক্ষম হয়, তবে গেটে তাদের বাধা দেয় পুলিশ। মসজিদের বাইরে এক হামলাকারী নিহত হয়। তবে অপরজন ভেতরে ঢুকে যেতে সক্ষম হয়।
গোলাগুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়। ওই সময়ে গুলির শব্দে অনেকেই মসজিদের বাইরে বেরিয়ে পালিয়ে যান। পুলিশ বলছে, শক্ত প্রতিরোধ করা না গেলে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারতো।






















