নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়ায় না। পরিসংখ্যান অনুযায়ী জঙ্গিবাদে আধুনিক শিক্ষার শিক্ষার্থীরা ধাবিত হচ্ছে বেশি, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মূল কারণ হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিভিন্ন গ্রুপ। এসব ব্যবহার করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিলো। সচেতন পরিবারের কারণেই জঙ্গিবাদ ধমন করা সহজ হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক বিরোধী আলোচনা সভায় প্রথম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। আমাদের সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য নিজেদের পারিবার থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার আশেপাশে কেও মাদকাসক্ত থাকলে তাকে বুঝিয়ে শুনিয়ে আলোর পথে নিয়ে আসুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জিরো ট্রলারেন্সে নিয়ে আসা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আগামী দিনের দেশ গড়ার কারিগর আজকের শিক্ষার্থীরা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। গড়ে উঠতে হবে সুনাগরিক হিসেবে। দেশকে ভালোবেসে, দেশপ্রেমকে বুকে লালন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে এ আলোচনা সভায় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: শাওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। এসময় ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















