।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের সঙ্গে উত্তেজনা চলার মধ্যে কানাডার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দিল্লির সঙ্গে সম্পর্কের গুরুত্ব রয়েছে। তবে তিনি জানান তার দেশ চায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার খুনের বিস্তারিত তদন্ত।
কানাডার মাটিতে দেশটির নাগরিক হরদীপ সিং নিজ্জার খুনের সঙ্গে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা যায়।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বলেন, ‘আমরা বুঝতে পারছি, এটা হতে পারে এবং প্রমাণিত হতে পারে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে একটা চ্যালেঞ্জিং ইস্যু হবে। কিন্তু একই সঙ্গে, আমাদের দায়িত্ব রয়েছে এটা নিশ্চিত করা যে, আমরা একটা বিস্তারিত তদন্ত চালিয়েছি এবং সত্য অনুসন্ধান করেছি।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে গুরুতর উদ্বেগ থাকবে যে কানাডাকে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে সামলাতে হবে।
শীর্ষ মার্কিন কূটনীতিক ডেভিড কোহেন দাবি করেছেন, পঞ্চ নেত্র জোট সহযোগিদের দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।






















