।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যার আগ মুহুর্তে উপজেলার ধনাকুশা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন (৫২)। তিনি ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, আনোয়ার হোসেন বিকেলে গরুর ঘাস কাটার জন্য ধনাকুশা এলাকার ধনারপারের নদীর পাড়ে যান। এসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতে তিনি মারা যান।
নকলা থানার এসআই সুমন আহমেদ বলেন, নিহতের সুরতহাল প্রস্তুত করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।





















