নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৩ শুরু হতে যাচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর টাউন হল মাঠে চলবে মেলা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ব্যবস্থাপনায় থাকবে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জানান, মেলায় ১০ টি সরকারি ও ৫১ টি বেসরকারীসহ মোট ৬১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সাত দিনব্যাপী বইমেলায় কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বীর মুক্তিযোদ্ধাদের গল্প শোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।






















