আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
সরকার নির্ধারিত আলুর মূল্য যাচাইয়ে নীলফামারীর জলঢাকায় মুক্তা হিমাগার ও বাজারে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জলঢাকা উপজেলায় বিভিন্ন বাজার ও মুক্তা হিমাগারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম।
এ সময় মুক্তা হিমাগারে আলুর দাম বেশি নেয়ার অভিযোগে চার ব্যবসায়ীকে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছবি- বিডিহেডলাইন্স
ব্যবসায়ীরা হলেন, খুটামারা ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার মৃতঃ আব্বাস আলীর ছেলে হাবিবুর রহমান(৫০), বগুলাগাড়ি এলাকার মৃতঃ আব্দুর জব্বারের ছেলে জিয়াউর রহমান (৫২), গোলমুণ্ডা দোলাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মমিনুর রহমান (১৯) ও চেংমারী মাঝাপাড়া এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম স্বপন (৪৫)।
এদিকে জলঢাকার বিভিন্ন বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়ার অভিযোগে তিন পাইকারী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালক মইনুল ইসলাম জানান, সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে তাদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






















