।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইরানে কয়েক বছর ধরে কারাগারে থাকা পাঁচ মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে নিজেদের বাড়ির পথে রওনা হয়েছেন। কাতারের মধ্যস্ততায় এক চুক্তিতে এসব মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তেহরান। চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার কাছে জব্দ হয়ে থাকা তেল বিক্রির ছয়শ কোটি ডলার কাতারের ব্যাংকে জমা রাখা হয়েছে।
এরপরই চার পুরুষ ও এক নারী মার্কিন নাগরিক তেহরান থেকে একটি ভাড়া করা বিমানে কাতারের রাজধানীতে পৌঁছান। সেখানে তাদের সঙ্গে সাক্ষাত করেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা। পরে এখন তারা ওয়াশিংটনের পথে রয়েছেন।
এছাড়া চুক্তি অনুযায়ী মার্কিন কারাগারে থাকা পাঁচ ইরানি নাগরিককেও মুক্তি দেয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের জেরে তাদের আটক করা হয়। তবে তাদের সবাই মুক্তির পর ইরানে ফিরে যাবেন না।
এদিকে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ এবং ইরানের গোয়েন্দা দফতরকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানে মার্কিন নাগরিকদের আটকের সঙ্গে জড়িত থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।






















