রিকোর্স চাকমা
রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক কর্মকর্তা মোঃ জাহিদ কালাম কর্তৃক সেবা প্রার্থীকে চরম হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও ভয় ভীতির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দয়াল কুমার চাকমা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সম্মেলনে কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দয়াল কুমার চাকমা বলেন, ২০২০ সালে রাঙামাটি জেলা পরিষদের ২৪টি অস্থিত্ববিহীন ভূয়া প্রকল্প নিয়ে তিনি দুদকে অভিযোগ করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতে দুদক পৃথক ৪টি মামলা করে। কিন্তু এ মামলা আসামীরা হরহামেশাই ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
তাই এ বিষয়ে জানতে ও নতুন একটি অভিযোগ দিতে গত ২৮ আগষ্ট ২০২৩ আমি ও আমার পরিচিত দুজন লোককে সাথে নিয়ে রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো জাহিদ কামালের কাছে দেখা করতে গেলে জাহিদ কালাম আমাকে ও আমার সাথে থাকা লোকজনদের তার অফিসে ঢুকতে দেননি। তিনি আমাকে দেখে আক্ষেপ করেন আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, আমি কেন বার বার দুদকে অভিযোগ দিই? বিভিন্ন আপত্তিজনক কথা বলার পাশাপাশি ভয় ও হুমকি প্রদান করেন।
এক পর্যায়ে তিনি তার কার্যালয় থেকে আমাদের বের করে দেন। আমি আমার আবেদনের রিসিভ কপি চাইলেও আমাকে দেয়া হয়নি। শত অপমান সহ্য করে আমি রিসিভ কপির জন্য অপেক্ষা করতে থাকি। এক পর্যায়ে বিকালে আমাকে রিসিভ কপি দেয়া হয়। কিন্তু আমি দুদক কার্যালয় থেকে বের হতে না হতে এ বিষয়টি ও আমার অভিযোগের বিষয়টি অভিযুক্তদের কাছে চলে যায়। এরা আমাকে নানাভাবে হুমকি দিতে শুরু করেন বলেও জানান তিনি।
তবে এই অভিযোগের বিষয়টি জানতে চাইলে মোঃ জাহিদ কালাম বলেন, দয়ালের অভিযোগটি সত্য নয়। আমি তার সাথে কোন খারাপ আচরণ করিনি। তাছাড়া দুদক সব সময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করে।





















