হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে নিত্য পণ্য আলু, ডিম ও পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা শহরের হেলিপোর্ট বাজার ও হাজী শরীয়তউল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযানের নেতৃত্ব দেন।
অধিদপ্তরটির সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়, সরকার নির্ধারিত দামে আলু, দেশি পেঁয়াজ ও ডিম বিক্রি নিশ্চিতে আজকের এই তদারকি অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারের বেঁধে দেয়া দামে হিমাগারে আলু বিক্রি কার্যক্রম তদারকি করা হয়। হিমাগার হতে আলু ফরিদপুরের বাজারে আজ বিক্রি হয়নি। বাজারে ডিম সরকার নির্ধারিত দামেই বিক্রি হলেও আজ আলু ৪২-৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে পাকা ভাউচার ও মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। আলুর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ছিল।
তিনি বলেন, দাম বেশি নেয়া, ক্রয় ভাউচার মূল্য ও তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স দিশারী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আলুর দাম বেশি নেয়ায় মেসার্স হাওলাদার ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ঘোষের হোটেলকে ২ হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ টানানোর বিষয়ে আলু, পেঁয়াজ ও ডিম ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়।
এসময় জেলা পুলিশের ১টি টিম ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরটির সহকারী পরিচালক মো. সোহেল শেখ।






















