আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)সহ আরোও অনেকে।
এলাকাবাসীরা জানায়, সকালে একটি শিয়াল হঠাৎ বাঁশঝাড় থেকে বের হয়ে সামনে যাকে পেয়েছে কামড় দিয়েছে। আহতদের মুখে ও পায়ে কামড় দেয়।
শিয়ালটি পাটোয়ারীপাড়া সংলগ্ন খড়খড়িয়া পাড়ার মনছুরের মোড় এলাকায় অন্ততঃ ১৫ জনকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া জানান, শিয়ালের কামড়ে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। দুপুর ১২টা পর্যন্ত নয়জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।






















