নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৯টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করা করেছে প্রশাসন। উপজেলার প্রত্যেক গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করার আশ্বাস জাতীয় মানবাধিকার কমিশন ও ওয়ার্ড ভিশনের।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মুক্তাগাছা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় আনুষ্ঠানিক ঘোষণার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মুক্তাগাছার মন্ডার সৌরভ আজ গৌরব নিয়ে কয়েকটি গ্রাম বাল্যবিবাহ মুক্ত ঘোষণার একটি অবস্থান সৃষ্টি করতেছে। চারদিকে এ সফলতা আরও বৃদ্ধি পাবে। আমরা আমাদের সন্তানকে কতোটুকু ভালোবাসি, সে ভালোবাসার নিদর্শন আজকে মুক্তাগাছা উপজেলার ৯ টি গ্রামের মানুষ দিয়েছেন। শুধু এই নয়টি নয়, সবগুলো গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করতে হবে। আর সে জন্য আমাদের বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে উপজেলার রুদ্রপুর, ভাবকি, নালিখালী, ঈশ্বর গ্রাম, মিরপুর, হাতিল, আমোদপুর, ঝনকা ও ছত্রাশিয়া গ্রামকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ প্রচারাভিযান র্যালিতে নেতৃত্ব দেন তিনি।
এসময় জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের উপ পরিচালক এম রবিউল ইসলাম, সুস্মিতা পাইক, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।






















