।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
গত বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির এক পাঁচ তারকা হোটেলে ব্যাগ নিয়ে ১২ ঘণ্টা নাটকীয়তা চলেছে। নিরাপত্তা কর্মীরা জি২০ সম্মেলনে যোগ দিতে আসা চীনা প্রতিনিধিদের অস্বাভাবিক আকৃতির ব্যাগ বহন করতে দেখার পর এই নাটকীয়তার শুরু।
তাজ প্যালেস হোটেলের নিরাপত্তা কর্মীরা প্রতিনিধিদের ব্যাগ নিয়ে সন্দেহ হওয়ার পরও প্রবেশ করতে দেয়। কারণ কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী তারা তা করতে দিতে বাধ্য ছিলেন। পরে প্রতিনিধিদের দখলে থাকা একটি কক্ষে হোটেলের এক কর্মী দুইটি ব্যাগে সন্দেহজনক সরঞ্জাম দেখতে পান।
নিরাপত্তা বিভাগকে বিষয়টি জানানোর পর কর্মকর্তারা প্রতিনিধিদের ব্যাগগুলোকে স্ক্যানারে পাঠাতে অনুরোধ করেন। তবে প্রতিনিধিরা তা আটকানোর চেষ্টা করেন। একারণে অচলাবস্থা তৈরি হয়। পরে চীনা কর্মকর্তারা ব্যাগগুলোকে দূতাবাসে পাঠাতে রাজি হওয়ার পরই কেবল এর অবসান হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এনডিটিভিকে বলেন, নিরাপত্তা দল ১২ ঘণ্টা হোটেল কক্ষের বাইরে পাহারা দেয়, কিন্তু চীনা কর্মকর্তারা তাদের ব্যাগ পরীক্ষা করতে দিতে অস্বীকৃতি জানায়। দীর্ঘ আলোচনার পর চীনা প্রতিনিধিরা তাদের ব্যাগগুলো দূতাবাসে পাঠিয়ে দেয়।
গত ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে জি২০ সম্মেলন। এই সম্মেলন থেকে সর্বসম্মতভাবে দিল্লি ঘোষণা আসাকে ভারতের জন্য কুটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
ওই সম্মেলন এড়িয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা প্রিমিয়ার লি কিয়াং।
চীন বরাবর বলে আসছে যে, তারা সবসময় সক্রিয়ভাবে জি২০ এর কার্যক্রমকে সমর্থন করেছে এবং বিশ্বাস করে যে বিশ্ব অর্থনীতি ও উন্নয়নে বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সংহতি ও সহযোগিতা করা গুরুত্বপূর্ণ।





















