উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
এসব বাড়ন্ত ষাড় বাছুর বিতরন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার এ ষাড় বাছুর বিতরণ করছে। এতে হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্টিদের জীবন মানোন্নয়ন ভূমিকা রাখবে।
গুল্টা গ্রামের সুফলভোগী চঞ্চল কুমার উরাঁও সময়ের কন্ঠস্বরকে বলেন, আমার অভাবের সংসারে একটি বাড়ন্ত ষাড় বাছুর পেয়ে আমি আনন্দিত। এখন এটাকে লালন পালন করে চলতে পারবো।
বাড়ন্ত ষাড় বাছুর সরবরাহকারী মেসার্স তুষার এন্টার প্রাইজের ম্যানেজার জাকারিয়া সময়ের কন্ঠস্বরকে বলেন, বিতরণকৃত বাছুর গুলোর প্রায় ৮০ কেজির উর্ধে। আজ ১০৭ টির মধ্যে ৫০টি বিতরণ করা হলো। বাকি ৫৭টি বাছুর কয়েকদিনের মধ্যেই বিতরণ করা হবে। সুফলভোগীরা এ বাছুর গুলো পেয়ে খুবই সন্তুষ্ট।
এ সময় তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়ালী-উল-ইসলাম ও তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাকসহ ৫০ জন সুফলভোগী উপস্থিত ছিলেন।






















