।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মরক্কোয় ভূমিকম্পে বিধ্বস্ত পার্বত্য গ্রামগুলোর ধ্বংসস্তুপ থেকে বেঁচে থাকাদের উদ্ধারে মরিয়া চেষ্টা চলছে। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এই ভূমিকম্পে দুই হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছেন।
গত শুক্রবার রাতে আটলাস পর্বতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পর্যটন কেন্দ্র মারাকেশ। দুর্গম পার্বত্য এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।
ভূমিকম্প কবলিত তালাত নাকায়ুব এলাকায় মরক্কোর প্রায় একশ উদ্ধারকারীর সঙ্গে কাজ করছে ১২টি অ্যাম্বুলেন্স এবং বেশ কিছু গাড়ি। সেনা এবং পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। কাছেই কাজ করছে স্পেনের উদ্ধারকারীদের একটি দল। মরক্কো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তারা।
মরক্কোর ভূমিকম্প কেন্দ্র বলেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার পর হাই এটলাসের ইঘিল এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ১৯৬০ সালের পর শুক্রবার এই ভূমিকম্প দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী। ওই বছর দেশটিতে শক্তিশালী এক ভূকম্পনে কমপক্ষে ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।






















