।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী গ্রুপ ওয়াগনারকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এর ফলে এই গ্রুপের সদস্য হওয়া কিংবা তাদের সমর্থন করা অপরাধ বিবেচিত হবে। পার্লামেন্টে উপস্থাপিত এক খসড়া প্রস্তাবে ওয়াগনারের সম্পত্তিকে সন্ত্রাসী সম্পত্তি ঘোষণা এবং তা জব্দ করার কথা বলা হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সামরিক উপকরণ ওয়াগনার সহিংস এবং ধ্বংসাত্মক। তিনি বলেন, আফ্রিকা ও ইউক্রেনে এটি যে কাজ করেছে তা বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি। ব্রিটিশমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বলেন, ওয়াগনারের অস্থিতিশীল কার্যক্রম চলতে থাকলে কেবলমাত্র ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য জোরালো হতে থাকবে।
ইউক্রেনে রুশ আগ্রাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওয়াগনার। এই গ্রুপটি সিরিয়া এবং লিবিয়া ও মালিসহ আফ্রিকার বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে। এর যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনীয় নাগরিকদের খুন এবং নির্যাতন চালানোসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্র জানায় ওয়াগনার সেনারা লিবিয়ার রাজধানী ত্রিপোলির চারপাশে স্থলমাইন স্থাপন করেছে। জুলাইয়ে যুক্তরাজ্য জানায় গ্রুপটি মালি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে।
চলতি বছরে রাশিয়ার সামরিক নেতাদের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দিয়ে গ্রুপটির নেতা ইয়েভগেনি প্রিগোঝিন এর ভবিষ্যত অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। ২০১৪ সালে গ্রুপটি প্রতিষ্ঠা করেন প্রিগোঝিন। গত ২৩ আগস্ট এক রহস্যজনক প্লেন দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে তাকে সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়।
যুক্তরাজ্য এর আগে হামাস এবং বোকো হারামের মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে। এবারে সেই তালিকায় ওয়াগনার যুক্ত হতে যাচ্ছে।






















