।।নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় চাচার রাইসমিলে যাওয়ার পথে ব্যাটারীচালিত ইজিবাইকের ধাক্কায় আমানুল্লাহ (৭) নামে এক এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু আমানুল্লাহ বড়খাপন গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও শিশুটির পরিবারের বরাতে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে তার চাচার রাইস মিলে যাওয়ার পথে বড়খাপন এলাকায় একটি ইজিবাইক শিশু আমানুল্লাহকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু আমানুল্লাহকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুনেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















