নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে চুরি করা মালের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দে খুন হয় তানজিল নামের এক যুবক। এঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা।
পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা জানান, গত ৪ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার চকনজু এলাকার মির্জা মঞ্জুরুল হকের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত তানজিল মিয়া (২৫) ময়মনসিংহের ফুলপুর ধলী গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
পুলিশ সুপার আরও জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোঃ শরীফ মিয়া (২৫) কে নরসিংদী জেলার শিবপুর থেকে গ্রেফতার করা হয়। শরিফ ফুলপুর মোকামিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। তার দেয়া তথ্য মতে তানজিল ও শরীফ একসাথে বিভিন্ন ধরনের চুরি করত। চোরাই মালের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে গত ৩ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার চুরখাই এলাকায় তারা দুইজন এবং সাথে আরও একজনকে নিয়ে এসে এক সাথে মাদক সেবন করে। এক পর্যায়ে শরীফ তার পরিহিত কোমরের বেল্ট দিয়ে তানজিলের গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মির্জা মঞ্জুরুল হকের পুকুরে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা এবং শরীফের বিরুদ্ধে ফুলপুর থানায় আরও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। শরীফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।






















