মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচর উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা (৫) এবং একই গ্রামের পাকের মিয়ার ছেলে হামীম (৮)।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে খালের আমজাদ উকিল সেতুর নিচে অন্য শিশুদের সাথে গোসল করতে নামেন হুজায়ফা ও হামীম। এ সময় হঠাৎ করেই স্রোতে ডুবে যায় ঐ দুই শিশু। গোসল করতে থাকা অন্য শিশুরা উপড়ে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে খোজ করতে থাকেন। খোজ করার কিছুক্ষণ পরই হামিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর প্রায় ৪০ মিনিট পরে হুজায়ফাকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার দুই শিশুকে শিবচরের পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খান সাদ্দাম বলেন, ঘটনাটি খুই মর্মান্তিক। এক সাথে দুই শিশু মারা গেছে। খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়েছি।
শিবচর থানার উপ-পরিদর্শক মো. মোদাচ্ছের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বেশ কয়েকজন শিশু একটি খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পড়ে মৃত অবস্থায় স্থানীয়রা ঐ দুই শিশুকে উদ্ধার করেছে।





















