শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অপহরণের পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
অপহৃত শিশুর নাম রায়হান (৪)। সে কুতুপালং ১৬ নং ক্যাম্পের আবু জাফরের ছেলে।
আটকরা হলেন, মোহাম্মদ সাদেক (২৫), ফয়সাল (২৩) ও সাদেকের বোন রোকসানা (১৫)। সাদেক ও রোকসানা ক্যাম্প ২৬ এর বাসিন্দা। ফয়সাল জামতলী ক্যাম্পের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া টেকনাফের সার্কেলে ও সহকারী পুলিশ সুপার মো. রাসেল।
তিনি জানান, এ চক্রের মুল পরিকল্পনাকারী সাদেক ও ফয়সাল শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে অপহরণ করে টেকনাফের ২৬ নং মোছনি রেজিস্টার্ড ক্যাম্পের দূর্গম পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ে শিশুটির উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিতে থাকে পরিবারকে।শিশুটির মা-বাবা ধার দেনা করে ৪৫ হাজার ৭০০ টাকা যোগাড় করতে সক্ষম হয়। কিন্তু এই টাকায় অপহরণকারীরা ছেড়ে দিতে রাজি হয় না।
পুলিশ গভীর রাতে বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে জামতলী থেকে ঘটনার মূলহোতা সাদেককে গ্রেফতার করে। পরে তার ভাষ্যমতে মুচুনি সি ব্লকের হোসেন নাম এক ব্যক্তির ঘর থেকে শিশুটি উদ্ধার করে অপহরণ চক্রের মোহাম্মদ ফয়সাল এবং মহিলা সদস্য রোকসানাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি তারা স্বীকার করে।
তিনি আরোও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি অপরাধী চক্রের সকল সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।






















