।।নিজস্ব প্রতিবেদক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপোষহীন, অক্লান্ত ও আমৃত্যু সচেষ্ট থাকার শপথ করেছেন ছাত্রলীগ।
শুক্রবার বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সকল স্তরের নেতাকর্মী নিয়ে এ শপথ পাঠ করেন। এসময় সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ,তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিখিত শপথ পাঠকালে বলা হয়, আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্ব পুরুষের পবিত্র রক্তের দাগ, প্রিয় মাতৃভূমি, বাংলাদেশের তরুণ প্রজন্ম — জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নবপরিচয়ের রূপকার, বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের মডেল, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপোষহীন, অক্লান্ত, আমৃত্যু – সদাসর্বদা সচেষ্ট থাকব।
শপথে আরো বলা হয়, আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব৷
তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী অপশক্তি রুখবে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে।
শপথে আরো বলা হয়, জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার পক্ষে এদেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।






















