।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
উগ্রডানপন্থী গ্রুপ প্রাউড বয়েস এর এক নেতাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় এটাই সবচেয়ে দীর্ঘ মেয়াদি দণ্ড। প্রসিকিউটররা জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য জোয়ে বিগস (৩৮) কংগ্রেসে ঢুকে পড়তে ‘উস্কানি দাতাদের‘ মধ্যে একজন। মে মাসে তাকে ষড়যন্ত্র এবং অন্য অভিযোগে অভিযুক্ত করা হয়।
আদালতে জোয়ে ব্রিগস নম্রতার সঙ্গে অনুরোধ করেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক টিমোথি কেলি। প্রসিকিউটররা ৩৩ বছর দণ্ড চাইলেও তাকে ১৭ বছরের দণ্ড দেন বিচারক।
প্রাউড বয়েসের আরেক সদস্য জাচারি রেহলকেও বৃহস্পতিবার ১৫ বছরের দণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
সাবেক মেরিন সেনা জাচরি রেহল প্রাউড বয়েস ফিলাডেলফিয়া শাখার সদস্য। ক্যাপিটলে দাঙ্গার সময়ে এক ভিডিওকে তাকে কর্মকর্তাদের ওপর রাসায়নিক ছুড়তে দেখা যায়।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রাউড বয়েস সদস্যরা এই দণ্ড ঘোষণার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। আদালতে ফেডারেল প্রসিকিউটর জেসন ক্যাককলো বলেন, অপরাধ খুবই মারাত্মক এবং কঠোর দণ্ড আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বার্তা দেবে।






















