।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
নিরাপত্তা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনে জাতিসংঘের দেয়া প্রস্তাব বাংলাদেশি কর্তৃপক্ষকে মেনে নেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ। বুধবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপটি।
বাংলাদেশের কর্তৃপক্ষ বারবার বলে আসছে নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয়। আর যারা নিখোঁজ রয়েছেন তারা নিজেরাই পালিয়ে আছেন।
বাংলাদেশের মানবাধিকার পর্যবেক্ষকেরা বলছেন, ২০০৯ সাল থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ছয় শতাধিক মানুষ গুম করেছেন। এদের মধ্যে কাউকে কাউকে পরে মুক্তি দেয়া হয়েছে, কোর্টে তোলা হয়েছে কিংবা বন্দুকযুদ্ধে মারা গেছে বলে জানানো হয়েছে। তবে এখনো প্রায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। জোরপূর্বক গুমের এসব ঘটনা তদন্তে বিশেষ ম্যাকানিজম প্রতিষ্ঠায় জাতিসংঘের দেয়া প্রস্তাব মানতে অস্বীকার করে আসছে বাংলাদেশ।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ জোরপূর্বক গুমের বাস্তবতাকে অস্বীকার করে কাউকে বোকা বানাচ্ছে না, বরং এর পরিবর্তে প্রিয়জনের অবস্থান জানতে মরিয়া পরিবারগুলোর কষ্টকে দীর্ঘায়িত করছে।





















