।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচার দল জানিয়েছে, জর্জিয়ার আটলান্টায় পুলিশ সাবেক প্রেসিডেন্টের মাগশট (আসামির মুখচ্ছবি) নেয়ার পর তারা ৭১ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছেন। এর বেশিরভাগ অর্থ এসেছে ট্রাম্পের মাগশটের ছবি দিয়ে বানানো, মগ, টি-শার্টসহ নানা সামগ্রি বিক্রি থেকে।
জর্জিয়ায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ায় অভিযুক্ত ট্রাম্প জামিনে ছাড়া পেয়েছেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার চালানো ট্রাম্প আরও তিনটি মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে দুটি মামলা নির্বাচনে জালিয়াতি নিয়ে মিথ্যা দাবি সংক্রান্ত এবং অপরটি ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলা সংক্রান্ত।
তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের শীর্ষে থাকায় রাজনৈতিক উদ্দেশে এসব মামলা করা হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্পের যুক্তি মেনে নিচ্ছেন সমর্থকেরা। গত তিন সপ্তাহে প্রায় দুই কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন তিনি।
শুক্রবার জর্জিয়ায় গ্রেপ্তার হওয়ার পর ২৪ ঘণ্টাতেই তার প্রচার দল ৪১ লাখ ডলার সংগ্রহ করে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ তহবিল সংগ্রহ।






















